সমানুপাতিক

                    মোঃসিফাত হোসেন

খন্ড চিত্র ১:ছোট বোনটা বেশ কিছুদিন হলো আমার কাছে পড়ছে,ছোট মানুষ, সহজ জিনিস বুঝতে চায় না অথচ বড় বড় সমস্যা দ্রুত বুঝে যায়।তবে বুঝুক আর না বুঝুক ও প্রশ্ন করে।সব বাচ্চারাই মনে হয় এমন।প্রশ্ন করতে করতে বড়দের চুল ফেলে দেয়। যাদের চুল পড়ে না তাদের চুল পাকিয়ে দেয়। এমন সব প্রশ্ন করে, মাঝেমধ্যে হতবাক হয়ে যেতে হয়।

সেদিন বাংলা বই থেকে সমানুপাতিক শব্দের অর্থ পড়াচ্ছি কিন্তু কিছুতেই অর্থ বুঝাতে পারছিলাম না,যাই বলি ও বুঝতে পারছে না,অথবা বুঝতে চাচ্ছে না।শেষ চেষ্টায় যাও বুঝাতে পারলাম এখন উদাহরণ দিতে হবে,পারফেক্ট উদাহরণ।আমি এখন পারফেক্ট উদাহরণ কই পাই! উদাহরণ খুঁজতে খুঁজতে আমি দিশেহারা।না পারলে লজ্জার সীমা থাকবে না!সকাল হলেই সবাইকে বলে দেবে দাদা কিছু পারে না।চিন্তার যখন কূলকিনারা পাচ্ছি না ঠিক তখন আচমকা একটা কুকুর ঘরে প্রবেশ করলো।আমার ঘরে ওই সময় কয়েকজন মানুষ ছিলো।কুকুরটা খুব হাসফাস করতে করতে সবার মুখের দিকে তাকিয়ে রইলো।কেউ একজন ধমকে উঠলো ।কুকুর যেমন দ্রুত এসেছিল তেমনি দ্রুত চলেও গেল।হয়তো বেশি মানুষ দেখে ভয় পেয়েছে।

তখন বাইরে বেশ কয়েকজন মহিলার সমবেত কণ্ঠস্বর  শুনতে পেলাম,তাদের সবাই একযোগে একটা কথাই বলছে, "সবাই দরজা বন্ধ করো, কুকুরটা বাচ্চা তোলার জন্য ঘুরছে।"আমি ঘর থেকেই কয়েকটা দরজা বন্ধ করার শব্দ পেলাম।

কুকুরটার জন্য আমার খুব মায়া হল,বাচ্চার জন্য কি অসহ্য কষ্টই না সহ্য করছে অবোলা প্রানীটা।কিছু বলতেও পারছে না।কুকুর আমাদের কত উপকার করে অথচ বিপদের সময় সবাই আমরা ওকে দুরদুর করে তাড়িয়ে দিলাম।
আমার বোন এমন সময় ধাক্কা দিয়ে বলল," ও দাদা সমানুপাতিকের একটা উদাহরণ দাও না।"
আমি কোন উদাহরন খুজে পেলাম না।তখন বুঝতে পারলাম কিছু সময় সংজ্ঞা বা অর্থের চাইতেও উদাহরণ অনেক বেশি কাজে দেয়।আমি বললাম," তোকে পরে উদাহরণ দেবো আজকের মত ছুটি।"
ও খুশিতে চলে গেল কিন্তু আমার মন খারাপ হয়ে রইলো আমি একটা উদাহরণই দিতে পারলাম না,তাই আবার মাস্টারমশাই।

খন্ড ২:পরের দিনঃ
এক প্রতিবেশিকে টাংগাইল সদর হাসপাতালে ভর্তি করতে এসেছি।হাসপাতালে ডাক্তার নার্স ওয়ার্ড বয়;সবই থাকে থাকে না শুধু চিকিৎসা,তাই বাধ্য হয়ে ডজন খানেক মানুষ সাথে যেতে হয়,তাতে নিজেদের যেমন হয়রানি কম হয় ডাক্তারদেরও তেমনি সুবিধা হয়।
এ তো গেল রোগী ভর্তির পরের কথা এবার একটু আগের কথা বলি, সরকারি হাসপাতাল তাও ঘুষ দিতে হল।প্রথমে সিট নেই বললেও টাকা দেখাতেই  সিট পাওয়া গেল।ঘুষ দেয়া নেয়া আমার পছন্দ না,কিন্তু আমার আর কিছুই করার ছিল না,রোগীরও বেশি টাকাও নেই যে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করবো।

যাহোক কাজ শেষ করে আসার সময় দেখলাম হাসপাতালের বারান্দায়  ছোট একটা জটলা,এগিয়ে গেলাম।দেখতে পেলাম একজন মধ্যবয়সী মহিলা আহাজারি করে কাঁদছে।গরিব ঘরের বউ মনে হয়,কাপড়-চোপড় দেখে অন্তত তাই মনে হল আমার। সে শুধু একটা কথাই বলে আহাজারি করছে," আমার বাচ্চাটকে বাচাও,আমার বাচ্চাটাকে বাচাও।"

একজনকে জিজ্ঞেস করে যা  জানতে পারলাম তা ভয়ংকর!তার জন্য কিছু করতে পারিনি বলে আজও প্রচন্ড কষ্ট পাই।ঐ কথা গুলো ভাবলেই মনে হয় হাসপাতাল আর কবরস্থান একই জিনিস!
মহিলার অবস্থা গুরুতর,উনার বাচ্চা হবে,ইমার্জেন্সি সিজার করতে বলা হয়েছে কিন্তু হাসপাতাল কতৃপক্ষ অজানা কারনে তাকে ভর্তি করছে না,দুই ঘন্টার মধ্যে তাকে সিজার না করলে যেকোনো একজন বা দুজনই মারা যেতে পারে।
আমি অবাক হয়ে ভাবছিলাম ওই মহিলা ব্যাথায় কান্না করছে না,নিজে বাচবে কি মরবে তার চিন্তা নেই,কান্না করছে অনাগত বাচ্চাটার জন্য।
সব মায়েরাই মনে হয় এমন করে কাদে,বাচ্চার জন্য কাদে,বাচ্চার কারনেও কাদে।

সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না দেখছিল।তাদের মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই।আমারও কিছু করার ছিল না,আমি প্রভাবশালী কেউ না যে তাকে সাহায্য করবো,কাউকে চিনিও না।বিপদ গল্প-নাটকে দেখা এক জিনিস আর বাস্তবে সহ্য করা আরেক জিনিস, তাই সহ্য করতে না পেরে চলে এলাম।

পরিশেষ ঃ
ঐ মহিলার কি হয়েছিল আমি জানি না,আশা করি তিনি সুস্থ একটি বাচ্ছা জন্ম দিয়ে নিজেও ভাল আছেন।
আমার ছোট বোনকে সমানুপাতিক শব্দের উদাহরণ দেইনি,ও নিজেও জানতে চায়নি।
কিন্তু এখন আমি সমানুপাতিক শব্দের উদাহরণ খুজে পেয়েছি,পারফেক্ট উদাহরণ।বাংলা শব্দার্থে সমানুপাতিক অর্থ যাই হোক না কেন বাস্তবে এর উদাহরণ ঘর থেকে তাড়িয়ে দেয়া ওই কুকুর আর হাসপাতালে আমার দেখা ওই মহিলা,কিন্তু আমার ছোট বোন কি এই কঠিন আর বাস্তব উদাহরণ বুঝতে পারবে?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উচিৎ শিক্ষা

দর্শনঃমোল্লা নাসিরুদ্দিনের ফুঁ

বাঘা বাতাস